সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমানো এই বাংলাদেশিদের অধিকাংশই নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ও প্রবাসী সূত্রগুলো জানিয়েছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কারখানায় থাকা ফোম, কাপড়সহ বিভিন্ন দাহ্য পদার্থে আগুন লাগার কারণে মুহূর্তের মধ্যেই তা ভয়ংকর রূপ নেয়। একপর্যায়ে পুরো কারখানাটি ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের তীব্রতা ও দ্রুত বিস্তারের কারণে ভেতরে আটকা পড়া শ্রমিকদের অনেকেই আর দ্রুত বের হতে পারেননি।
আরও


অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার সাপেক্ষে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।





