সৌদি আরবের জাজান প্রদেশের সামতাহ এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক মা এবং তার চার সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে গুরুতর আহত হয়ে পরিবারের বাবা বর্তমানে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সামতাহ প্রদেশের আল-লাকিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুদের চাচা মোহাম্মদ মোহনাশি সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই তিনি সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টকে বিষয়টি অবহিত করেন এবং তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। মোহনাশি জানান, ঘরে থাকা একটি পাওয়ার স্ট্রিপে অতিরিক্ত লোড পড়ার কারণে সেটি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়।
দুর্ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে আটকে থাকায় আগুন লাগার পর তারা বাইরে থেকে কোনো সাহায্য চাইতে পারেননি। পরে উদ্ধারকারী দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর পাশাপাশি হতাহতদের উদ্ধার করেন।









