Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে হামলার পর সৌদিতে নতুন সংকট, বাতিল একের পর এক ফ্লাইট

Untitled 1ProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সৌদি আরবের নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে। দেশগুলোর আশঙ্কা, যেকোনো সময় নতুন করে হামলার ঘটনা ঘটতে পারে, যার ফলে বিমান চলাচলে আরও বেশি বিঘ্ন ঘটার ঝুঁকি রয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের খবর অনুযায়ী, হুতিদের ওই হামলার পর বুধবার (১৫ জুলাই) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রিয়াদ ও জেদ্দাগামী চারটি করে, দুবাইগামী দুটি এবং শারজাহগামী একটি ফ্লাইট রয়েছে। এর মধ্যে সৌদিয়া এয়ারলাইনসের ছয়টি এবং ফ্লাইআদেলের জেদ্দাগামী দুটি ফ্লাইট অন্তর্ভুক্ত। পাশাপাশি ফ্লাইদুবাই এবং এয়ার অ্যারাবিয়ার নির্ধারিত ফ্লাইটগুলোও উড্ডয়ন করেনি। এর আগে মঙ্গলবারও (১৪ জুলাই) দুবাই, শারজাহ, রিয়াদ ও জেদ্দাগামী অন্তত ১০টি ফ্লাইট এই বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছিল।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কানাডা সরকার সৌদি আরবের জন্য তাদের ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ সেখানে এখনো হামলার ঝুঁকি রয়ে গেছে। ইয়েমেন সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ এবং ৩০ থেকে ৮০ কিলোমিটার এলাকার মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে কানাডা। এ ছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় আল কাতিফ এবং ইরাক সীমান্তসংলগ্ন হাফর আল বাতিন ও খাফজির কাছাকাছি এলাকাতেও যেতে বারণ করা হয়েছে। যেকোনো মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিবেচনায় নাগরিকদের দরকারি কাগজপত্র সঙ্গে নিয়ে দ্রুত দেশ ছাড়ার প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে দেশটি।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও তাদের নাগরিকদের জন্য প্রায় অভিন্ন ও কঠোর সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইয়েমেন সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বলেছে, সরকারি এই পরামর্শ উপেক্ষা করলে নাগরিকদের ভ্রমণবিমার সুবিধাও বাতিল হতে পারে। হুতিরা প্রকাশ্যে সৌদি আরবের অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ায় সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকতে ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সৌদি আরবের জন্য তাদের ‘লেভেল-৩’ সতর্কতা বহাল রেখে নাগরিকদের ভ্রমণ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কিছু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য ‘লেভেল-৪’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকার’ নির্দেশ জারি রেখেছে। মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষও (এফএএ) উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জরুরি প্রয়োজনে নাগরিকদের দেশ ছাড়ার পরিকল্পনা প্রস্তুত রাখতে বলেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate