Long Popup (2)
সর্বশেষ

নগদ অর্থ ও সোনা বহনে নতুন নিয়ম সৌদির

94b8bb92 ffe1 448a b90b c803123715a9ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ, সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমসে কোনো প্রকার ঘোষণা ছাড়া এখন থেকে সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। এর আগে এই সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল, যা এখন ২০ হাজার রিয়াল কমিয়ে ৪০ হাজার রিয়ালে নির্ধারণ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই নিয়ম সৌদি আরবে আসা এবং দেশটি থেকে বহির্গমনকারী সব যাত্রীর জন্য প্রযোজ্য হবে। এর আওতায় হজ ও ওমরাহ পালনকারী যাত্রী এবং ব্যক্তিগত স্বর্ণালংকার বহনকারী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন বিধান অনুযায়ী, কোনো যাত্রীর কাছে যদি ৪০ হাজার রিয়ালের বেশি নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী থাকে, তবে তাকে অবশ্যই কাস্টমস বিভাগে লিখিত ঘোষণা দিতে হবে। পাশাপাশি স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ মালিকানা এবং ক্রয়ের স্বপক্ষে প্রমাণপত্রও উপস্থাপন করতে হবে।

নির্ধারিত সীমার চেয়ে বেশি অর্থ বা সোনা ঘোষণা ছাড়া বহন করলে কাস্টমস বিভাগ তা জব্দ বা আটকে রাখার ক্ষমতা রাখে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। এছাড়া অর্থপাচার বা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সামগ্রী সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে তদন্ত চালানোর এখতিয়ারও কাস্টমসের রয়েছে।

ভ্রমণকারীদের যাত্রা শুরুর আগেই নতুন এই নিয়ম সম্পর্কে অবগত থাকার এবং প্রয়োজনে যথাযথ ঘোষণার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে হজ ও ওমরাহ পালনকারীদের এই বিধান কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমানবন্দর বা স্থলবন্দরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা ও হয়রানির শিকার হতে না হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate