সৌদি আরবে মাত্র একদিনে অন্তত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির কারাগারে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ নিয়ে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে; যাদের মধ্যে ৪৩ জনই বিদেশি নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে কর্তৃপক্ষের বিবেকহীন এবং বেআইনিভাবে মৃত্যুদণ্ড ব্যবহারের এক নির্মম মাইলফলক বলে নিন্দা জানিয়েছে।
চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা ১০০ জনের মধ্যে ৪৮ জন সৌদি, ১২ জন ইথিওপিয়ান, সাতজন পাকিস্তানি, ছয়জন সুদানি, চারজন ইয়েমেনি এবং চারজন সিরিয়ার নাগরিক। ২০২৫ সালে দেশটি ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল; যার মধ্যে ২৪৩ জনই মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯০ সালে অ্যামনেস্টি রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যা।
আরও
সৌদি কর্তৃপক্ষ বলেছে, জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং আপিলের সব পথ নিশ্চিতভাবে শেষ হওয়ার পরই কেবল এই সাজা কার্যকর করা হয়।










