চলতি মে মাসেই শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলিমদের যাত্রা আরও সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাসহ মোট ১৯টি ভাষায় বিশেষ পরিষেবা দেবে সৌদি আরবের জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘তাওয়াক্কালনা’ অ্যাপ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের বরাতে সংবাদ সংস্থা এএফপি ও গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অ্যাপটিতে আরবি, ইংরেজি, বাংলা ছাড়াও ইন্দোনেশীয়, হিন্দি, উর্দু, তুর্কি, ফরাসি, ফার্সি, মালয়, রুশ, চীনা, ফিলিপিনো, জার্মান, ডাচ, জাপানি, ইতালীয়, স্পেনীয় এবং পর্তুগিজ ভাষা যুক্ত করা হয়েছে।
হজযাত্রীদের পুরো যাত্রাকে মসৃণ করা, সৌদি সরকারের বিভিন্ন পরিষেবা কেন্দ্রের সঙ্গে তাঁদের পরিচিত করানো এবং অত্যন্ত সহজে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করার লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরবে পা রাখা থেকে শুরু করে মক্কা ও মদিনায় প্রবেশ, পবিত্র স্থানগুলো পরিদর্শন, মসজিদে নববিতে ইবাদত এবং হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরোটা সময় নিজস্ব ভাষায় নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাত্রীদের সহায়তা করবে তাওয়াক্কালনা অ্যাপ। মূলত এটি যাত্রীদের একটি বিশ্বস্ত ডিজিটাল সঙ্গী হিসেবে কাজ করবে।
হজের বিভিন্ন প্রশাসনিক কাজের ক্ষেত্রেও এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সৌদি সরকারের সমন্বিত ডিজিটাল হজ পারমিট প্ল্যাটফর্ম ‘তাসরিহ’-এর সঙ্গে সংযুক্ত থাকার ফলে হজ পারমিট, মক্কায় প্রবেশের অনুমতি, কাজের অনুমোদন, স্বেচ্ছাসেবী ও যানবাহন সরবরাহের অনুমতি পেতেও এই অ্যাপটি ব্যবহার করতে হবে। এ ছাড়া ‘নুসুক’ গেটওয়ে সার্ভিসের মাধ্যমে মদিনায় মহানবী (সা.)-এর রওজা মোবারক পরিদর্শনের জন্য আগাম বুকিং দেওয়ার সুবিধাও থাকছে তাওয়াক্কালনা অ্যাপে।
আরও
হজ চলাকালীন আরও বেশ কিছু বিশেষায়িত জরুরি পরিষেবা পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আরাফাতের ময়দানের খুতবা বিভিন্ন ভাষায় অনুবাদ করে তুলে ধরা, ‘আসেফনি’ নামের বিশেষ জরুরি সহায়তা পরিষেবা, পবিত্র স্থানগুলোর আবহাওয়ার তাৎক্ষণিক খবর, কিবলার সঠিক দিকনির্ণয়, নামাজের সময়সূচি এবং ডিজিটাল কোরআন পরিষেবা। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অধীন ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর আওতায় পবিত্র হজের সার্বিক মানোন্নয়ন এবং হাজিদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই অ্যাপটিকে এভাবে ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।










