এভাবেই দুর্গম মরুভূমিতে ধাওয়া করে ৫ জনকে আটক করেছে সৌদি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই পাঁচজনের মধ্যে একজন সৌদি নাগরিক, বাকি চারজনই প্রবাসী।
পবিত্র হজ পালনের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা পায়ে হেঁটে দুর্গম পথ ধরে মক্কায় ঢুকছিল।
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, মরুভূমির বিস্তীর্ণ ও জনশূন্য পথ ধরে কয়েকজন হেঁটে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় পুলিশের গাড়ি দিয়ে ধাওয়া করে তাঁদের পথ আটকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ থেকে সব সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত প্রবাসীদের হজের নিয়ম ও নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হজসংক্রান্ত কোনো নিয়মের লঙ্ঘন বা অপরাধ চোখে পড়লে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশটির অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।










