সৌদি আরবের আল-বাহা এলাকায় এক তরুণীকে হয়রানির অভিযোগে বেলাল আহমেদ নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার দমন বিভাগের সঙ্গে সমন্বিত অভিযানের মাধ্যমে আল-বাহা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি জননিরাপত্তা অধিদপ্তরের প্রকাশ করা বিবৃতিতে অভিযুক্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ বেলাল আহমেদ বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এক মেয়ের সঙ্গে হয়রানিমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকের পর তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে পাবলিক প্রসিকিউশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আরও
সৌদি আরবে নারী ও শিশু হয়রানির বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা চালু রয়েছে। দেশটির হয়রানি বিরোধী আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অপরাধীর সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পরিস্থিতি ও অপরাধের মাত্রা বিবেচনা করে এই শাস্তি আরও বাড়তে পারে। প্রবাসীদের ক্ষেত্রে শাস্তির মেয়াদ শেষে দেশে ফেরত পাঠানোর নিয়ম রয়েছে।









