সৌদি আরবের পবিত্র মদিনা শহরে একটি আবাসিক ফ্ল্যাটে দেহ ব্যবসা চালানোর অভিযোগে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদিনা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, মদিনার জননিরাপত্তা ও মানব পাচার প্রতিরোধ পরিদপ্তরের সঙ্গে সমন্বয় করে পুলিশ ওই আবাসিক ফ্ল্যাটে অভিযান চালায়। তবে গ্রেপ্তার হওয়া ওই তিন প্রবাসী ঠিক কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই প্রবাসীদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পবিত্র শহরের বুকে এমন অনৈতিক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, জনস্বার্থ রক্ষা ও পবিত্র স্থানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের শুদ্ধি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










