ওমানের ৫৬তম জাতীয় দিবস উপলক্ষে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট গোল্ডকাপ টুর্নামেন্ট। প্রবাসী দেলোয়ার হোসাইন ও নাছির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশটির বিভিন্ন প্রদেশ থেকে ১২টি দল অংশ নেবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও প্রস্তুতি উপলক্ষে রাজধানী মাস্কাটের একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, আগামী ২৭ নভেম্বর সকাল থেকে খেলা শুরু হবে এবং দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাইফুল ইসলাম ও সিদরাতুল মুনতাহার উপস্থাপনায় প্রস্তুতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান ক্রিকেট ক্লাব ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ওমানি নাগরিক সেইফ তাহার। এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ শাহাবুদ্দিন, ওমানের জাতীয় বাইক রাইডার সেলিম হায়দার, আব্দুল হান্নান, মাহবুবুল ইসলাম, লিটন, নুরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা কেক কেটে ওমানের জাতীয় দিবস উদযাপন করেন। শেষে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।










