ওমানের সালালায় প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে ছিটকে পড়ে এক বৈমানিক ও তার বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই পাইলটের নাম ক্যাপ্টেন আহমেদ বিন হামদান আল কালবানি। ওমান এয়ার স্পোর্টস কমিটি এক বিবৃতিতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আপাতত ওমানজুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেইসাথে গভীর শোক ও সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে সংস্থাটি।

আরও
এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে ওমান কর্তৃপক্ষ। দেশটিতে প্যারাগ্লাইডিংয়ের মতো রোমাঞ্চকর খেলার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার স্পোর্টস কমিটি। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওমানজুড়ে সব ধরনের প্যারাগ্লাইডিং কার্যক্রম পুরোপুরি স্থগিত থাকবে। জোড়া প্রাণহানির ঘটনার পর পর্যটক ও খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই দেশব্যাপী এমন জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।


নৈসর্গিক সৌন্দর্য এবং পাহাড়ি ভূপ্রকৃতির জন্য সালালাহ পর্যটক ও রোমাঞ্চপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চারপাশের সবুজ পরিবেশ পাখির চোখে উপভোগ করতে অনেকেই সেখানে আকাশে ডানা মেলেন। তবে পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে বাতাসের ওপর ভর করে উড়ে চলার এই রোমাঞ্চকর খেলাটির সাথে মারাত্মক ঝুঁকিও জড়িয়ে আছে। আকাশে উড়ন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি কিংবা হঠাৎ বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে মুহূর্তেই ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়, যার সর্বশেষ শিকার হলেন এই হতভাগ্য দুই ভাইবোন।











