Long Popup (2)
সর্বশেষ

সিলেট থেকে ওমানে সরাসরি ফ্লাইট চালু করল সালামএয়ার

Salamair a321neo 3ProbashircityWebPopupUpdate

ওমানের বাজেট এয়ারলাইনস ‘সালামএয়ার’ আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে মাস্কাট ও সিলেটের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে বিদেশি কোনো উড়োজাহাজ সংস্থা হিসেবে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরেই নির্ধারিত ফ্লাইট পরিচালনার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে এয়ারলাইনসটি। সপ্তাহে তিনটি ফ্লাইটের মাধ্যমে ওমান এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঞ্চলের যাত্রীদের আকাশপথে ভ্রমণের নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

সালামএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সেবার মাধ্যমে ওমানের সালালাহ থেকে আসা যাত্রীরাও মাস্কাট হয়ে খুব সহজেই সিলেটে যাতায়াত করতে পারবেন। এর ফলে ওমানজুড়ে যাত্রীদের যাতায়াত আগের চেয়ে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। ফ্লাইট চালুর এই উদ্‌যাপন উপলক্ষে যাত্রীদের জন্য একমুখী (ওয়ান-ওয়ে) টিকিটের প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৬ দশমিক ৯৯ ওমানি রিয়াল। এর মাধ্যমে দুই গন্তব্যের মধ্যে প্রবাসীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভ্রমণের দারুণ এক সুযোগ তৈরি হলো।

এক কোটির বেশি মানুষের বসবাস থাকা সিলেট অঞ্চলটি বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল এভিয়েশন মার্কেট হিসেবে পরিচিত বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে সালামএয়ার। এয়ারলাইনসটির চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন অ্যালেন জানান, ওমান ও বাংলাদেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়াতে সালামএয়ারের যে প্রতিশ্রুতি রয়েছে, নতুন এই রুটের যাত্রা তারই একটি প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, সিলেট মূলত পারিবারিক ভ্রমণ, পর্যটন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনাময় একটি অঞ্চল।

প্রবাসী অধ্যুষিত বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান ও সম্ভাবনাময় একটি এভিয়েশন মার্কেট। মূলত আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা, বিশাল প্রবাসী জনগোষ্ঠী এবং প্রসারমান পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণেই এই খাতের পরিধি প্রতিনিয়ত বাড়ছে। সালামএয়ার জানিয়েছে, সিলেটগামী যাত্রীরা এখন থেকে সহজেই সেখানকার বিখ্যাত চা-বাগান, সবুজ প্রকৃতি ও মনোরম জলপ্রপাত উপভোগ করতে পারবেন। এই রুটের টিকিট যাত্রীরা সালামএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নিজস্ব বিক্রয়কেন্দ্র এবং অনুমোদিত ট্রাভেল এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।

 

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate