ওমানে বসবাসরত এক প্রবাসী দুবাইয়ের জনপ্রিয় ‘বিগ টিকিট’ লটারিতে ২৫ হাজার দিরহাম (সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা) জিতেছেন। জুন মাসের সর্বশেষ সাপ্তাহিক ই-ড্রতে এই নগদ অর্থ জেতেন তিনি। অপ্রত্যাশিত এক ফোন কলে বিজয়ী হওয়ার খবরটি তাঁর কাছে পৌঁছালে সাধারণ একটি দিন মুহূর্তেই পরিণত হয় স্মরণীয় এক দিনে।
পুরস্কার বিজয়ী ৪৫ বছর বয়সী ওই প্রবাসীর নাম কামালুদ্দিন আনভারশা। তিনি ভারতের কেরালার বাসিন্দা হলেও গত ২৪ বছর ধরে জীবিকার তাগিদে ওমানে বসবাস করছেন। জুন মাসের শেষ সাপ্তাহিক এই ই-ড্রতে মোট ১ লাখ দিরহামের নগদ পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়, যার মধ্যে কামালুদ্দিন অন্যতম বিজয়ী হিসেবে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছেন।
হঠাৎ করে পাওয়া ভাগ্য নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিকতা ও ধৈর্যের ফল হিসেবেই এই পুরস্কার তাঁর হাতে ধরা দিয়েছে বলে মনে করেন কামালুদ্দিন। গত দুই বছর ধরে নিয়মিত বিগ টিকিটে অংশগ্রহণ করে আসছিলেন তিনি। কোনো এক দিন পুরস্কার জেতার আশায় ধারাবাহিকভাবে টিকিট কিনে গেছেন এই প্রবাসী। অবশেষে তাঁর সেই দীর্ঘ অধ্যবসায় ও প্রচেষ্টা সফল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
আরও
লটারি জেতার পর এক প্রতিক্রিয়ায় কামালুদ্দিন জানান, এই নগদ অর্থ তাঁর জন্য সঠিক সময়ে এক বড় আর্থিক সহায়তা হিসেবে এসেছে। ২৫ হাজার দিরহামের এই পুরস্কার দিয়ে তিনি তাঁর জমে থাকা কিছু বকেয়া ঋণ পরিশোধ করতে চান, যা তাঁকে আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্তি দেবে। উল্লেখ্য, আবুধাবিভিত্তিক বিগ টিকিট উপসাগরীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটি র্যাফেল ড্র, যা লোভনীয় নগদ পুরস্কার ও জ্যাকপটের মাধ্যমে জিসিসিভুক্ত দেশগুলোর হাজার হাজার মানুষকে নিয়মিত আকৃষ্ট করে থাকে।










