চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) দেশে ফেরার পরই আকস্মিকভাবে মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই হেফাজ উদ্দিন। তিনি জানান, নাজিম উদ্দিন নিয়মিত দেশে আসা-যাওয়া করতেন। মঙ্গলবার সকালে দেশে আসবেন বলে জানিয়েছিলেন, তবে কোন বিমানে আসবেন তা জানা ছিল না। বর্তমানে তিনি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য আগারগাঁও যাচ্ছেন।
নাজিম উদ্দিন সিকদার বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র। তিনি প্রবাসে দেড় দশকেরও বেশি সময় কাটিয়েছেন। দুবাইয়ে তার একটি বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি ছিল, যেখানে বহু বাংলাদেশি কর্মী কাজ করতেন। এছাড়া ওমানে একটি খাবারের হোটেলও পরিচালনা করতেন।
হঠাৎ অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন এবং গভীর দুঃখ প্রকাশ করছেন।










