Long Popup (2)
সর্বশেষ

কুয়েতে প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

1 ms9zb7ttrjvj8keProbashircityWebPopupUpdate

কুয়েতে একটি ইন্টারনেটভিত্তিক অ্যাপে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন বাংলাদেশসহ কয়েকটি দেশের হাজারো প্রবাসী। ‘ইয়েপবিট’ নামের একটি ডিজিটাল অ্যাপ ও এর সহযোগী ‘বনচ্যাট’ গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রাতারাতি বেশি লাভের আশায় বিনিয়োগ করে এখন গচ্ছিত টাকা ফেরত না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন ভুক্তভোগীরা। জানা গেছে, বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপাইনের প্রবাসীদের লক্ষ্য করেই মূলত প্রতারণার এই বড় ফাঁদ পাতা হয়েছিল।

ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জানান, অ্যাপটিতে যুক্ত হতে প্রত্যেক গ্রাহককে অন্তত দেড় হাজার মার্কিন ডলার বা তার বেশি অর্থ বিনিয়োগ করতে হতো। টাকা জমা দেওয়ার পর প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে গ্রাহকদের দুটি গোপন কোড নম্বর দেওয়া হতো। অ্যাপের নির্দিষ্ট স্থানে সেই নম্বর বসালেই অ্যাকাউন্টে ডলার যোগ হতো। এর পাশাপাশি নতুন সদস্য যুক্ত করতে পারলে বাড়তি কমিশন দেওয়ারও প্রলোভন ছিল। ফলে বেশি লাভের আশায় অনেক প্রবাসী তাঁদের সহকর্মী, বন্ধু ও স্বজনদেরও এতে যুক্ত করেন। প্রথম দিকে নিয়ম মেনে কিছু অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়া হলেও গত ১০ আগস্ট থেকে তা সম্পূর্ণ বন্ধ করে দেয় চক্রটি। বর্তমানে প্রবাসীদের কোটি কোটি টাকা আটকে রেখে প্রতিষ্ঠান দুটির সব কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রতারণার শিকার আব্দুর রহমান নামের এক প্রবাসী জানান, শুরুতে সন্দেহ থাকলেও সহকর্মীদের টাকা তুলতে দেখে এবং এক ঘনিষ্ঠ বন্ধুর অনুরোধে ধারদেনা করে দেড় হাজার ডলার বিনিয়োগ করেছিলেন তিনি। অ্যাকাউন্টে ৮০০ ডলার জমাও হয়েছিল, কিন্তু এখন তাঁর সব শেষ। সুমন শেট নামের আরেক ভুক্তভোগীর অ্যাকাউন্টে জমা ছিল প্রায় ৩০ হাজার ডলার। তিনি জানান, শুরুতে কয়েকবার টাকা তুলতে পারলেও পরে বেশি লাভের আশায় আর তোলেননি। পরিচিত অনেককেও বিনিয়োগ করিয়েছিলেন। এখন নিজের টাকা তো গেছেই, পাশাপাশি যাদের যুক্ত করেছিলেন, তাঁদের তোপের মুখে পড়ে কাছের মানুষদের সঙ্গে সম্পর্কও নষ্ট হয়েছে তাঁর।

এ বিষয়ে কুয়েত বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার বলেন, যেকোনো ডিজিটাল মাধ্যমে অর্থ বিনিয়োগ করার আগে প্রতিষ্ঠানের বৈধতা, সরকারি অনুমোদন ও অর্থ তুলে নেওয়ার নিয়ম ভালোভাবে যাচাই করা জরুরি। কয়েক বছর পরপরই ভিন্ন ভিন্ন নামে এসব প্রতারক চক্র বাজারে আসে। প্রায় চার বছর আগেও একটি বহুমুখী বিপণন প্রতিষ্ঠান একইভাবে সাধারণ প্রবাসীদের কোটি কোটি টাকা নিয়ে সটকে পড়েছিল। তাই পরিশ্রম ছাড়া রাতারাতি আয় কিংবা নতুন সদস্য যুক্ত করে কমিশন পাওয়ার মতো যেকোনো প্রলোভন দেখলেই প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate