সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ-পূর্ব রাউজানের বাসিন্দা দিদারুল ইসলাম চৌধুরী (৬০) নিহত হয়েছেন। দীর্ঘ এক যুগ ধরে প্রবাসে কর্মরত এই প্রবীণ বাংলাদেশি গত ১৭ জুন সকালে আল মোল্লা সিটির একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের সময় আটকা পড়েন। স্থানীয়ভাবে ‘বাইট্টা দিদার’ নামে পরিচিত এই প্রবাসী ভবনের টয়লেটে আশ্রয় নিলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার দিন ভবনের অন্যান্য বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও দিদারুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ অনুসন্ধানের পর পরদিন ১৮ জুন সন্ধ্যায় স্থানীয় পুলিশ টয়লেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। স্বজনদের ধারণা, আগুনের তীব্র তাপ কিংবা ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
বর্তমানে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। দিদারুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।









