মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিশেষ নিরাপত্তা বার্তায় এই নির্দেশ জারি করে। ওই বার্তায় মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ‘পরিবর্তনশীল’ এবং ইরান সরকারের আচরণকে ‘অনিশ্চিত’ বলে উল্লেখ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় বলা হয়, এই অঞ্চলে অবস্থানরত সব মার্কিন নাগরিককে এখন থেকে অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা বজায় রেখে চলতে হবে। যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই আকস্মিক ফ্লাইট বাতিল কিংবা হঠাৎ করে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য তাঁদের আগে থেকেই প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা বার্তায় ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের দাবি, সম্প্রতি ইরান কোনো ধরনের পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালিয়েছে। শুধু তা-ই নয়, আগে কখনো লক্ষ্যবস্তু করা হয়নি—এমন এলাকায়, বিশেষ করে মিসরের মতো জায়গাতেও তারা হামলার পরিধি বাড়িয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও
অতীতের পরিস্থিতি টেনে মার্কিন দূতাবাস আরও জানায়, কোনো দেশে অতীতে মার্কিন স্বার্থ বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়নি বলে ভবিষ্যতেও সেগুলো নিরাপদ থাকবে, এমনটি ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় মার্কিন স্থাপনা হামলার শিকার হতে পারে। তাই সব মার্কিন নাগরিককে সর্বদা সজাগ দৃষ্টি রাখার এবং চারপাশের পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখার জোরালো আহ্বান জানানো হয়েছে।







