Long Popup (2)
সর্বশেষ

অবৈধ ভিজিট পাস বাতিল করল মালয়েশিয়া, বিপাকে প্রবাসী কর্মীরা

Image 314476ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেমে (মাইআইএমএমএস) অবৈধভাবে অনুপ্রবেশ করে জালিয়াতির মাধ্যমে ইস্যু করা ১ হাজার ৩০৬টি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে এসব পাস ব্যবহারকারী বিদেশি কর্মীদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এসপিআরএম) সদর দপ্তরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। সরকারি কোনো লেভি পরিশোধ ছাড়াই ২০১১ সালের কর্মী কোটার অপব্যবহার করে এসব পাস ইস্যু করায় মালয়েশিয়া সরকারের প্রায় ২৪ লাখ রিঙ্গিত রাজস্ব ক্ষতি হয়েছে।

ইমিগ্রেশন সিস্টেমটি বাইরে থেকে হ্যাক করা হয়নি, বরং অভ্যন্তরীণ কর্মকর্তা ও সংঘবদ্ধ চক্রের যোগসাজশেই এই জালিয়াতি সম্ভব হয়েছে বলে ফরেনসিক তদন্তে উঠে এসেছে। দুর্নীতি দমন কমিশন ও সাইবার সিকিউরিটি মালয়েশিয়ার যৌথ তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা ইমিগ্রেশন বিভাগের কম্পিউটারে বিশেষ ধরনের ‘ডংল’ বা ইউএসবি ডিভাইস এবং নির্দিষ্ট সফটওয়্যার যুক্ত করে অ্যাডমিন আইডি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করত। এর মাধ্যমে তারা অবৈধভাবে কর্মী পাসগুলোর অনুমোদন দিত। ইমিগ্রেশন বিভাগ গত মে মাস থেকেই এই চক্রের তৎপরতা শনাক্ত করেছিল। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ‘অপস ক্র্যাক’ নামের এক যৌথ অভিযানের মাধ্যমে চক্রটিকে গুঁড়িয়ে দেওয়া হয়।

এই জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার দাতুক সেরি আব্দ হালিম আমান জানান, গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তর এবং পেনাং ইমিগ্রেশন দপ্তর থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুটি প্রতিষ্ঠানের পরিচালক, তিনজন বিদেশি নাগরিক, ইমিগ্রেশন বিভাগের চার কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি শাখার দুই কর্মকর্তা এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে পাস পাওয়া বিদেশি কর্মীরা বর্তমানে কোথায় কাজ করছেন তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব কর্মীকে দ্রুতই প্রচলিত আইনের আওতায় আনা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate