সর্বশেষ

সৌদি আরব-আমিরাতসহ আরব দেশগুলোর ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

Sa 112.1772897793ProbashircityWebPopupUpdate

ঘনিয়ে এসেছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ কবে উদযাপিত হবে, তা নিয়ে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শুরু হয়েছে অধীর প্রতীক্ষা। তবে শীর্ষস্থানীয় জ্যোতির্বিদ্যা কেন্দ্রগুলোর পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী হিজরি মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা সম্পূর্ণ চাঁদের অবস্থানের ওপর নির্ভরশীল। রমজানের সমাপ্তি ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৮ মার্চ) বৈঠকে বসবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাঁর মতে, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা নেই। ফলে আগামী ২০ মার্চ শুক্রবারই হতে পারে শাওয়াল মাসের প্রথম দিন ও ঈদুল ফিতর।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সৌদি আরবের সুপ্রিম কোর্টও দেশের সব নাগরিক ও বাসিন্দাদের প্রতি আগামীকাল বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে। গতকাল সোমবার (১৬ মার্চ) জারি করা এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার হচ্ছে ১৪৪৭ হিজরির রমজান মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার, অন্যথায় এক দিন পর শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানেও আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। ওমান স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই মূলত সংশ্লিষ্ট কমিটিগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার একই দিনে ঈদ উদযাপিত হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate