সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্প্রতি যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, তাঁদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের কথা জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বেশ কিছু প্রবাসী বাংলাদেশির ভিসা বাতিলের খবর তাদের নজরে এসেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নাম, পাসপোর্টের বিবরণ এবং ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণসহ প্রয়োজনীয় তথ্য দ্রুত দূতাবাসের সরকারি ই-মেইলে (mission.abudhabi@mofa.gov.bd) পাঠানোর অনুরোধ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কাছ থেকে পাওয়া এসব তথ্যের ভিত্তিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করেছে বাংলাদেশ দূতাবাস।









