ওমানের উপকূলে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমা থেকে ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটির নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি বিকল হয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
UKMTO WARNING 101-26
Click here to view the full product⤵️https://t.co/zdMMASw8k3#MaritimeSecurity #MarSec pic.twitter.com/6NSryd05NI
আরও
— UKMTO Operations Centre (@UK_MTO) August 1, 2026
ইউকেএমটিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে পড়ায় জাহাজটি বর্তমানে চলতে বা গতিপথ পরিবর্তন করতে পারছে না। হামলার পরপরই আঞ্চলিক কোস্টগার্ড বাহিনীকে বিষয়টি দ্রুত অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা সাগরে তেল ছড়িয়ে পড়ার মতো কোনো পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।









