দীর্ঘদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছিলেন ভারতীয় তরুণী বিপনদীপ কৌর। স্বস্তি পেতে জাপান ভ্রমণে গিয়ে তিনি কিনেছেন ৪০ হাজার রুপি দামের একটি বিশেষ বালিশ! সামাজিক যোগাযোগমাধ্যমে এই কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করার পরই তা রীতিমতো ভাইরাল। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিপনদীপ জানান, দীর্ঘ সময় ল্যাপটপ ও মোবাইল ব্যবহারের কারণে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল। তাই নিরবচ্ছিন্ন ঘুমের জন্য এই দামি বালিশটিকে একটি দারুণ ‘বিনিয়োগ’ বলে মনে করছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে বিপনদীপ জানান, জাপানের নিহনবাশিতে ৪০০ বছরের পুরোনো ব্র্যান্ড ‘নিশিকাওয়া’ থেকে তিনি বালিশটি কিনেছেন। এটি কোনো সাধারণ বালিশ নয়; জাপানি বিশেষজ্ঞরা তার ঘাড়ের অবস্থান ও ঘুমের ধরন মেপে এটি বিশেষভাবে তৈরি করেছেন। বালিশের ভেতরে ভরাট উপাদান হিসেবে দেওয়া হয়েছে ‘বিনচোতান’ বা চারকোল পাইপ বিডস, যা আরামদায়ক ঘুমের পাশাপাশি শরীরের সঠিক ভঙ্গি ধরে রাখে।
এত টাকা খরচের বিষয়ে বিপনদীপ বলেন, “আগে ঘুমের বিষয়ে মনোযোগ দিইনি। কিন্তু গ্যাজেট ব্যবহারের কারণে ঘাড়ের বারোটা বেজেছে। তাই এটি আমার জন্য ভালো বিনিয়োগ।” ভিডিওটি পোস্ট করার মাত্র চার ঘণ্টার মধ্যেই তা তিন লাখের বেশিবার দেখা হয়। মন্তব্যের ঘরে কেউ এই উদ্যোগের প্রশংসা করেছেন, আবার কেউ তিরস্কার করে বলেছেন, “ফোন বন্ধ রাখার অভ্যাস করলে এই ৪০ হাজার টাকা অনায়াসেই বেঁচে যেত।”










