গড় আয়ুতে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ পরিসংখ্যানে এই ইতিবাচক চিত্র উঠে এসেছে। জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থাটি শুক্রবার (২ অক্টোবর) নতুন এই তথ্য প্রকাশ করেছে, যেখানে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, সুস্থ জীবনকাল, মৃত্যুর কারণ ও রোগের বিস্তার সম্পর্কিত বিস্তারিত উপাত্ত তুলে ধরা হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭ বছরে। সেখানে ভারতীয়দের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত দেশগুলো এখনো বেশ এগিয়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় তা ৮১ বছর। তবে দীর্ঘায়ু হওয়ার পাশাপাশি মানুষের সুস্থ জীবনকালের ওপরও প্রতিবেদনে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেশি দিন বেঁচে থাকা মানেই সুস্বাস্থ্যে দীর্ঘ জীবন যাপন করা নয়। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। এটি ২০১৯ সালে ৬০ দশমিক ৫ বছর থাকলেও মাঝে ২০২১ সালে কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে এবং ২০২২ সালে তা ফের বেড়ে ৬০ দশমিক ২ বছরে পৌঁছায়। জনস্বাস্থ্যের এই অগ্রগতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বিভাগের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, গড় আয়ু বৃদ্ধি জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি বিশাল অর্জন। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দীর্ঘায়ুর পাশাপাশি মানুষ যেন সুস্থ শরীরে বেশি দিন বেঁচে থাকতে পারে, তা নিশ্চিত করা।









