বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার পথে ছয়জন আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে একটি এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ হয়েছে। গালফস্ট্রিম জি১০০ মডেলের এই উড়োজাহাজটির সন্ধানে ম্যাসাচুসেটসের ন্যানটকেট দ্বীপের কাছে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড।
ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত ‘সি-জিআরজেপি’ নিবন্ধিত নিখোঁজ ওই উড়োজাহাজে চারজন ক্রু ও দুজন যাত্রী ছিলেন। ন্যানটকেট মেমোরিয়াল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগেই উড়োজাহাজটি থেকে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। তবে মাঝআকাশে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি বা বিপদের কারণে এই জরুরি অবস্থা তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে পুরো ঘটনাটির কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করবে।
নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে বর্তমানে ন্যানটকেটের দক্ষিণে আকাশ ও সমুদ্রপথে বড় ধরনের উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন কোস্টগার্ড। এই অভিযানে হেলিকপ্টার, ফিক্সড-উইং উড়োজাহাজ, মোটর লাইফবোট ও কোস্টগার্ডের বিশেষ জাহাজসহ অত্যাধুনিক একাধিক উদ্ধারকারী যান ব্যবহার করা হচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্স বা এর ছয় আরোহীর কারও কোনো সন্ধান পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।









