সর্বশেষ

গুরুত্বপূর্ণ দ্বীপ হুতি যোদ্ধারা, বন্ধ হয়ে গেল সৌদি তেল পাইপলাইন

1Web Popup (3)

মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপে পৌঁছে গেছে। একই সঙ্গে ইরাক থেকে আসা এক ড্রোন হামলার জেরে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার ইয়েমেন সরকার ও সৌদি আরবের একাধিক সূত্রের বরাতে এই তথ্য সামনে আসায় উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, লোহিত সাগরে কেবল সৌদি আরবের জাহাজ ছাড়া বাকি সব দেশের নৌযান নিরাপদ থাকবে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সরকারি বাহিনী পেরিম দ্বীপ থেকে পিছু হটেছে। একই সঙ্গে মূল ভূখণ্ডের লোহিত সাগর উপকূলীয় শহর ধুবাবও দখলে নিয়েছে হুতিরা। এর ফলে আরব উপদ্বীপের গুরুত্বপূর্ণ এই নৌপথটির নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে। অন্যদিকে, সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ১২০০ কিলোমিটার দীর্ঘ তেল পাইপলাইনে একাধিক ড্রোন হামলার পর এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল (বৈশ্বিক সরবরাহের ৪-৫ শতাংশ) পরিবহনকারী এই পাইপলাইনটি হরমুজ প্রণালির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইরাক থেকে এই হামলা চালানো হলেও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। ইরাক সরকার এই হামলার নিন্দা জানিয়েছে।

প্রায় ছয় মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের জেরে বিশ্বের অন্যতম প্রধান তেল বাণিজ্যপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছিল। এর পর থেকে সৌদি আরব লোহিত সাগরপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মতে, হুতিদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবের অপরিশোধিত তেল সরবরাহ বর্তমানে তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জোড়া এই সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, যা মে মাসের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা তৈরি করেছে।

উদ্ভূত এই চরম সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে জরুরি সামরিক সহায়তা চেয়েছে রিয়াদ। সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত দুবার ফোন করে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি মার্কিন হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তবে আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেশনাল নির্বাচনের আগে রাজনৈতিক চাপের মুখে থাকা ট্রাম্প প্রশাসন আপাতত সরাসরি সামরিক পদক্ষেপ নিতে রাজি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি যুদ্ধের বদলে ওয়াশিংটন আপাতত গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও লক্ষ্যবস্তু নির্ধারণে রিয়াদকে সহায়তা করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup