বিয়ের পিঁড়িতে বসার কথা আর মাত্র ১৫ মিনিট পর। বর সুসজ্জিত গাড়িতে চড়ে যাচ্ছিলেন নির্ধারিত ভেন্যুতে। কিন্তু পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বদলে দিল সব হিসাবনিকাশ। তবে শরীরের একাধিক হাড় ভেঙে গুরুতর আহত হলেও বিয়ে পিছিয়ে দেননি বর। হাসপাতালের বিছানায় শুয়েই কনের হাত ধরে সেরেছেন জীবনের অন্যতম সেরা আনুষ্ঠানিকতা। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আলটামন্টে স্প্রিংস এলাকায়।
জানা যায়, বর কাপরি ডিরামাস নিজ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ডিরামাসের দুই হাত, পাঁজরের হাড় ও চোয়াল ভেঙে যায় এবং মারাত্মক ক্ষত সৃষ্টি হয় হাঁটুতেও। সংকটাপন্ন অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে অরল্যান্ডো রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। দুঃসংবাদ পেয়ে হবু বরকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান কনে টায়াসিয়া থমাস ও তাঁর স্বজনেরা।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বরের শারীরিক অবস্থা স্থিতিশীল ঘোষণা করলে দুজনেই সিদ্ধান্ত নেন পূর্বনির্ধারিত দিনেই বিয়ে করার। সেদিন সন্ধ্যায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। হাসপাতালের বিছানায় শুয়েই বর-কনে পরস্পরের হাত ধরেন। বরের দাদা এই বিয়ের ধর্মীয় আচার পরিচালনা করে তাঁদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা দেন। ভয়াবহ সেই সময়ের স্মৃতিচারণ করে কনে থমাস জানান, দুর্ঘটনায় হবু স্বামীকে হারানোর শঙ্কায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে বর ডিরামাস জানান, দুর্ঘটনার আকস্মিকতায় তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।
আরও
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও এই নবদম্পতির সামনে এখন চরম আর্থিক সংকট। মধুচন্দ্রিমার বদলে এখন তাঁদের লড়াই করতে হচ্ছে চিকিৎসার বিশাল খরচ, দুর্ঘটনাকবলিত গাড়ির ক্ষতিপূরণ ও দৈনন্দিন জীবনের ব্যয়ভার মেটাতে। এই কঠিন সময়ে পরিবারটির সহায়তায় ইতিমধ্যে অনলাইনে তহবিল সংগ্রহের একটি কার্যক্রম চালু করা হয়েছে।









