পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদি আরবের সদ্য স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি দেশটিকে কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে বা হামলা থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইব্রাহিম রেজায়ি। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সৌদি আরবকে তাদের বর্তমান নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ইব্রাহিম রেজায়ি স্পষ্ট করে বলেন, সৌদি আরবের জানা উচিত যে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে করা এই কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি মনে করিয়ে দেন, একইভাবে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের ওপর সৌদি আরবের যে একতরফা নির্ভরশীলতা ছিল, সেটিও তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই নিরাপত্তার জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের নীতি বদলানোর পরামর্শ দেন এই ইরানি আইনপ্রণেতা। তিনি বলেন, আপনাদের নীতি পরিবর্তন করুন, যাতে নিরাপত্তার জন্য অন্য কারও কাছে ধরনা দিতে বা অনুরোধ করতে না হয়।
আরও
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই গত শুক্রবার মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির অন্যতম প্রধান শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর কোনো বহিঃশত্রুর সশস্ত্র হামলা হলে সেটিকে সম্মিলিতভাবে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং জোটের বাকি দেশগুলোও সেটিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখবে।







