ইরাকের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক যৌথ বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। সরকারি প্রতিষ্ঠান এবং শিয়াদের পবিত্র ‘আর্বাইন’ পদযাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের বিশ্রামাগারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরাকে পরিচালিত এই বিমান হামলা দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট অমান্যকরণ। তেহরান এই সামরিক হামলাকে অত্যন্ত অপরাধমূলক, অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে পুরো মধ্যপ্রাচ্যকে এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সামরিক পদক্ষেপ নিচ্ছে। শিয়া মুসলমানদের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ আর্বাইন উপলক্ষে লাখ লাখ পুণ্যার্থী যখন কারবালা অভিমুখে যাত্রা করছেন, ঠিক সেই সংবেদনশীল সময়ে এ ধরনের হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কার কথা জানানো হয়।
আরও
হামলায় নিহত ইরাকিদের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি ইরাক সরকার ও সে দেশের সাধারণ জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ও অখণ্ড সংহতি পুনর্ব্যক্ত করেছে তেহরান।










