যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। তাদের দাবি, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই হামলার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, শত্রুপক্ষের যেকোনো হামলা বা উসকানির জবাব কঠোরভাবে দেয়া হবে, লক্ষ্যবস্তু ছোট হোক কিংবা বড়—কোনো ক্ষেত্রেই ছাড় দেয়া হবে না।
এর আগে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই অভিযান চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই সর্বশেষ এসব হামলা চালানো হয়েছে।









