ইরানের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আজ সোমবার (১ জুন) ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।
মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই মার্কিন বিমান ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়ে তা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির দাবি, এই ঘাঁটিটি থেকেই মার্কিন বাহিনী সিরিক দ্বীপের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার অপারেশনটি পরিচালনা করেছিল। মার্কিন হামলার মাত্র কয়েক ঘণ্টা পরই এই পাল্টা জবাব দেওয়া হয় এবং নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে বলে আইআরজিসি নিশ্চিত করেছে।
একই সঙ্গে এই ঘটনার পর তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের এই প্রভাবশালী সামরিক বাহিনী। তারা জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর কোনো হামলা হলে তার ভিন্ন মাত্রায় ও ভিন্ন প্রকৃতির কঠোর জবাব দেওয়া হবে। এর ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।
আরও
পাল্টা হামলার এই ঘটনার পর মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, যে সিরিক দ্বীপটিতে মার্কিন বাহিনী প্রথম আঘাত হেনেছিল, সেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত।










