ওমানে তাপমাত্রার পারদ ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বারকা অঞ্চলে সর্বোচ্চ ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আল সুওয়াইকে ৪৮.৮ ডিগ্রি, ওয়াদি আল মাওয়ালে ৪৮ ডিগ্রি এবং রাজধানী মাস্কাটে ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র এই গরম থেকে শ্রমিকদের রক্ষায় প্রতি বছরের মতো এবারও ‘মিড-ডে ব্রেক’ বা দুপুরের কাজের বিরতি শুরু হয়েছে দেশটিতে। যা আজ থেকে কার্যকর হয়েছে।
ঘোষিত নিয়ম অনুযায়ী, জুন থেকে শুরু করে আগস্ট মাসের শেষ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত উন্মুক্ত স্থানে, নির্মাণাধীন সাইটে বা রোদে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তীব্র দাবদাহের কারণে হিট স্ট্রোক, পানিশূন্যতা এবং অন্যান্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে শ্রমিকদের নিরাপদে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হলো।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ সরাসরি সূর্যের আলোতে থাকলে শরীরের স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়া দ্রুত বাধাগ্রস্ত হয়। মাথা ঘোরা, মাথাব্যথা, অতিরিক্ত ঘাম, ক্লান্তি বা পেশিতে টান পড়ার মতো উপসর্গ দেখা দিলে তা কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। বিশেষজ্ঞরা নিয়োগকর্তাদের প্রতি কর্মস্থলে নিরবচ্ছিন্ন সুপেয় পানি এবং ছায়াযুক্ত বিশ্রামের জায়গা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বেশি শারীরিক পরিশ্রমের কাজগুলো দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে, অর্থাৎ সকালে বা শেষ বিকেলের দিকে করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
চিকিৎসকরা বলছেন, চরম গরমে তৃষ্ণা না পেলেও শ্রমিকদের কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে। পাশাপাশি ক্যাফেইনযুক্ত পানীয় এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এগুলো শরীরে আরও পানিশূন্যতা তৈরি করতে পারে।










