যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্টকমের শীর্ষ কমান্ডার ব্র্যাড কুপারের মাথার দাম নির্ধারণ করতে যাচ্ছে ইরান। এই তিন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাকে হত্যার জন্য ৫ কোটি ইউরো (প্রায় ৫ কোটি ৮০ লাখ ৮৩ হাজার মার্কিন ডলার) পুরস্কার নির্ধারণের একটি উদ্যোগ নিয়েছে দেশটি। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইউকে এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আজিজি জানিয়েছেন, যাঁরা এই তিনজনকে ‘নরকে পাঠাতে’ পারবেন, তাঁরাই এই বিশাল অঙ্কের পুরস্কার পাবেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছায়নি। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতেই মূলত এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে দেশটির পার্লামেন্টে ‘কাউন্টার-অ্যাকশন বাই মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ফোর্সেস অব দ্য ইসলামিক রিপাবলিক’ নামে একটি বিল প্রস্তুত করা হচ্ছে, যেখানে বিধিবদ্ধভাবে এই পুরস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে। বিলটি পার্লামেন্টে পাস হয়ে আইনে পরিণত হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ানও দ্য টেলিগ্রাফকে নিশ্চিত করেছেন যে ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার লক্ষ্য নিয়ে তৈরি এই বিলের ওপর শিগগিরই পার্লামেন্টে ভোট হতে যাচ্ছে। এদিকে ইরানপন্থী সংবাদমাধ্যম মাসাফ জানিয়েছে, মাথার দাম ঘোষণার এই বিষয়টি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রচার করার জন্য আলাদাভাবে আরও ৫ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্তহত্যার নিশানা বানানোর লক্ষ্যে ইরান এর আগেও বিভিন্ন ধরনের প্রচার চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে এবং তাদের পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলবে।









