Long Popup (2)
সর্বশেষ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পদত্যাগের দাবিতে স্পেনের রাস্তায় বহু মানুষ

3ProbashircityWebPopupUpdate

একাধিক দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে রাজধানী মাদ্রিদে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছেন। গত শনিবার (২৩ মে) আয়োজিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের এক প্রতিনিধি অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ‘মার্চ ফর ডিগনিটি’ বা মর্যাদার জন্য পদযাত্রা নামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। মিছিলটি মূলত শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের দিকের প্রধান সড়কে অবস্থান নেন। সেখানে তাঁরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানো ওই মুখোশধারী দলটিকে পরে আটকে দেওয়া হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘সোশ্যালিস্ট মাফিয়ার পদত্যাগ চাই’ লেখা ব্যানার বহন করেন এবং মিছিলে বিপুলসংখ্যক স্প্যানিশ জাতীয় পতাকা ওড়ানো হয়। দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতারাও এই বিক্ষোভে অংশ নেন।

এই বিক্ষোভের আগে গত মঙ্গলবার স্পেনের একটি আদালত ঘোষণা দেয় যে সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অর্থ পাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত চলছে। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই আইনি পদক্ষেপ বামপন্থী সরকারের ওপর নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করেছে। এর আগে গত এপ্রিলে স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে সানচেজ স্বল্প সময়ের জন্য পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন। সে সময় সানচেজ প্রকাশ্যে তাঁর পরিবারের পক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, এসব মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থী প্রতিপক্ষের প্ররোচনায় পরিচালিত হচ্ছে। গোমেজও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। মূলত কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর পক্ষ থেকেই মামলাটি দায়ের করা হয়েছিল। তবে গত মাসে স্পেনের একজন প্রসিকিউটর মামলাটি বন্ধ করার জন্য তদন্তকারী বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate