সৌদি আরবের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক আরও জোরদার করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটিতে ক্রিকেটের প্রসার ঘটাতে সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে যৌথভাবে জেদ্দায় একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে তারা। স্টেডিয়াম নির্মাণের এই প্রস্তাবটিতে ইতিমধ্যে পিসিবির গভর্নিং বোর্ড আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানা গেছে, পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি স্বয়ং সৌদি কর্মকর্তাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র জানায়, জেদ্দায় একটি আন্তর্জাতিক মানের ভেন্যু নির্মাণের এই ধারণা নিয়ে মূলত সৌদি আরবের ক্রিকেট কর্মকর্তারাই প্রথমে পিসিবির সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর পিসিবির পক্ষ থেকে এই প্রকল্পের জন্য একটি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র জমা দেওয়া হয়েছে। বর্তমানে স্টেডিয়ামটির জন্য উপযুক্ত স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী, এই ভেন্যুটিতে দিবা-রাত্রির ম্যাচের জন্য অত্যাধুনিক ফ্লাডলাইট স্থাপন করা হবে এবং বড় ধরনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত দর্শক আসনের ব্যবস্থা রাখা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র পিটিআইকে জানিয়েছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা। সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে নিজেদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ‘পাকিস্তান সুপার লিগ’ (পিএসএল)-এর কিছু ম্যাচ এই নতুন স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাও রয়েছে পিসিবির। তবে দুই বোর্ডের মধ্যে এই বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং স্টেডিয়াম নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য চূড়ান্ত নথিতে এখনো কোনো স্বাক্ষর হয়নি।
আরও
সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী পাকিস্তানি বসবাস করেন। এ ছাড়া ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের লাখ লাখ প্রবাসী দেশটিতে কর্মরত রয়েছেন, যাঁদের মধ্যে ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। মূলত এই বিশাল প্রবাসী দর্শকগোষ্ঠীর কথা মাথায় রেখেই পিসিবি জেদ্দার এই মেগা প্রকল্পে গভীর আগ্রহ দেখাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে ক্রিকেটের এক নতুন দিগন্তের সূচনা হবে এবং পিসিবির জন্যও এটি আর্থিকভাবে বেশ লাভজনক একটি পদক্ষেপে পরিণত হবে।








