দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ঠিক এক দিন আগে মঙ্গলবার পর্যন্ত এই দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম এক লাফে বেশ কিছুটা বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। আগের দামেই ২২ ক্যারেট রুপার ভরি ৩ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হবে। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও আগের মতোই থাকছে।










