দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দরেই আজ বুধবার সোনা বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। এর আগেও দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। টানা দাম বাড়ার পর বর্তমানে নতুন করে কোনো পরিবর্তন না আসায় সর্বশেষ নির্ধারিত এই দামেই অলংকার তৈরির এই ধাতুর বেচাকেনা চলছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। বাজুস জানিয়েছে, নির্ধারিত এই সোনার দামের সঙ্গে ক্রেতাকে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি পরিশোধ করতে হবে। তবে ক্রেতার পছন্দ করা গয়নার নকশা ও মানের ওপর ভিত্তি করে এই মজুরির পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
সোনার পাশাপাশি রুপার দামও বাজারে অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা আছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরেই সোনা ও রুপা বিক্রি হবে বলে জানিয়েছে বাজুস।












