Long Popup (2)
সর্বশেষ

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

Web Image 20260722ProbashircityWebPopupUpdate

রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত বহু বিলিয়ন ডলারের একটি মেগা চুক্তি সই হতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে সাম্প্রতিক বড় একটি চুক্তির পর এটি হতে যাচ্ছে বিমানের বহর সম্প্রসারণে দ্বিতীয় বৃহৎ উদ্যোগ।

নতুন কেনা এই উড়োজাহাজগুলো অবশ্য সহসাই বিমানের বহরে যুক্ত হচ্ছে না। প্রতিমন্ত্রী জানিয়েছেন, ২০৩১ সাল থেকে এসব উড়োজাহাজ সরবরাহের প্রক্রিয়া শুরু হতে পারে। এয়ারবাসের সর্বশেষ প্রস্তাবে মূলত চারটি দূরপাল্লার ও ছয়টি মাঝারি পাল্লার উড়োজাহাজ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই দীর্ঘ সময়ে বহরের সক্ষমতা বাড়াতে এবং সাময়িক চাহিদা পূরণে আগামী বছরের মধ্যে আরও ১০টি উড়োজাহাজ ইজারা বা লিজে আনার পরিকল্পনাও করছে সংস্থাটি। চুক্তির চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর উড়োজাহাজের প্রকৃত মূল্যসহ অন্যান্য সব শর্ত জনসমক্ষে প্রকাশ করা হবে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে, যার মধ্যে ১৪টিই বোয়িংয়ের তৈরি। গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার এয়ারবাসের উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমানের মোট বহর বেড়ে ৪৩টিতে দাঁড়াবে। মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে যাত্রী ও কার্গো পরিবহনের যে বিপুল চাপ তৈরি হবে, তা সামাল দিতেই বহর সম্প্রসারণের এই মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টিতে উন্নীত করে বাংলাদেশকে এই অঞ্চলের অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে এয়ারবাসের সঙ্গে এই চুক্তি কার্যকর করতে এখনো বিমানের পরিচালনা পর্ষদ ও সরকারের চূড়ান্ত অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate