মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট দিয়ে সহায়তা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’-এর তহবিলের সহায়তায় এই টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম অসুস্থ ওই প্রবাসীকে দেশে ফেরার এই টিকিট প্রদান করেন।
হাইকমিশন ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী মিনার হোসেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। তিনি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বৈধ ছাড়পত্র নিয়েই জীবিকার তাগিদে মালদ্বীপে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি তিনি হঠাৎ করে হার্ট স্ট্রোকে (স্ট্রোক/হৃদরোগ) আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ প্রবাসীর হাতে টিকিট তুলে দেওয়ার সময় হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি বলেন, মালদ্বীপে অবস্থানরত যেকোনো প্রবাসী বাংলাদেশির বিপদে ও প্রয়োজনে হাইকমিশন সর্বদা তাঁদের পাশে থাকতে বদ্ধপরিকর। এ ছাড়া প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসাসেবা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সব সময় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।
আরও
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে অসুস্থ মিনার হোসেনের মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বৈধ পথে প্রবাসে যাওয়া একজন রেমিট্যান্স যোদ্ধার দুঃসময়ে বাংলাদেশ হাইকমিশনের এমন মানবিক সহায়তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদ্বীপে বসবাসরত অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা।











