মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম এলাকার পাদাং মেহায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস মেগা’ নামের এই বড় অভিযানে আটকদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯ জনই বাংলাদেশি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এই অভিযানে অভিবাসন বিভাগের ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। প্রায় সাতশ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৬৩০ জনকে আটক করা হয়, যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। আটকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চীনা নাগরিক (৩৯৬ জন), এরপরই রয়েছেন বাংলাদেশিরা (১৯৮ জন পুরুষ ও ১ জন নারী)। এছাড়া পাকিস্তান, মিয়ানমার, ভারতসহ আরও কয়েকটি দেশের নাগরিকও এই তালিকায় রয়েছেন।
অভিযান চলাকালে অনেক বিদেশি কর্মী পালানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন। এমনকি কয়েকজনের উসকানিমূলক আচরণে উত্তেজনাও ছড়ায়, যা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের বেগ পেতে হয়। অভিবাসন বিভাগ থেকে নিয়োগকর্তা ও ঠিকাদারদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বৈধ কাগজপত্র ও ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










