মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। পরিবারের ভাগ্য ফেরাতে তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় কৃষিশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে মালয়েশিয়ার একটি বাগানে নিয়মিত কাজ করছিলেন হিরন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করলেও বাঁচানো সম্ভব হয়নি। সহকর্মীরাই ফোন করে দেশের বাড়িতে এই দুঃসংবাদ জানান। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে হিরনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
হিরনের এমন আকস্মিক মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা জাহানারা বেগম ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন এবং স্ত্রী হ্যাপি আক্তারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া জানান, চার ভাইয়ের মধ্যে সবার ছোট হিরন দেশে থাকতে গাছ কাটার কাজ করতেন। অনেক টাকা ঋণ করে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। এর আগে তাঁর এক ছোট মেয়ে নিহা মনির অকালমৃত্যু হয়। সেই শোক কাটতে না কাটতেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন দিশাহারা। তাঁর অকালপ্রয়াণে তিন অবুঝ সন্তান—দশম শ্রেণির শিক্ষার্থী ছেলে ইকরাম, ষষ্ঠ শ্রেণির মেয়ে হিমু ও তৃতীয় শ্রেণির রিমুর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ল।










