সর্বশেষ

সৌদি কারাগারে ১৪ বছর ধরে বন্দি চাঁদপুরের শহীদুল্লাহ, মৃত্যুদণ্ড বাতিলের আকুতি পরিবারের

Untitled 1 151 826x497Web Popup (3)

জীবিকার সন্ধানে সুদূর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়া উপজেলার তফিরা গ্রামের সহজ-সরল যুবক মো. শহীদুল্লাহ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দীর্ঘ ১৪ বছর ধরে তিনি বন্দিজীবন কাটাচ্ছেন দেশটির দাম্মাম কারাগারে। এক সৌদি নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে প্রহর গুনছেন তিনি। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এবং ফাঁসির আশঙ্কায় দেশে চরম মানবেতর দিন পার করছেন তাঁর বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান।

পারিবারিক ও রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রমতে, ২০০৮ সালে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান শহীদুল্লাহ। ২০১২ সালে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে ফেরার পর থেকেই তাঁর জীবনের এই মর্মান্তিক অধ্যায় শুরু হয়। জাকি আল আশুর নামের এক সৌদি নাগরিককে হত্যার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিচারপ্রক্রিয়া শেষে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আদালত এবং ২০১৩ সালের ২৪ জুলাই থেকে তিনি দাম্মামের কারাগারে বন্দি রয়েছেন। তবে স্বজন ও প্রতিবেশীদের দাবি, লেখাপড়া না জানা সহজ-সরল এই প্রবাসীকে এক পাকিস্তানি নাগরিকের চক্রান্তে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

শহীদুল্লাহর এমন করুণ পরিণতিতে তাঁর পরিবারে নেমে এসেছে ঘোর অমানিশা। স্বামী যখন কারাগারে যান, তখন ছেলে জিহাদের বয়স ছিল মাত্র সাত বছর। অভাবের তাড়নায় মাত্র ১৪ বছর বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য হয় সে। শৈশব হারিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়া জিহাদ এখন শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত। অন্যদিকে, শহীদুল্লাহর স্ত্রী পেয়ারা বেগম ও ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা খুরশিদা বেগমের দিন কাটছে অবিরাম কান্নায়। ছেলের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারাতে বসা বৃদ্ধা মায়ের একটাই আকুতি—মৃত্যুর আগে অন্তত একবার সন্তানকে একনজর দেখতে পাওয়া।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কোনো সুসংবাদ না পাওয়ায় পরিবারটি এখন পুরোপুরি দিশাহারা। শহীদুল্লাহকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তাঁর প্রাণভিক্ষা চেয়েছেন স্বজনেরা। মানবিক দিক বিবেচনা করে দ্রুত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই রেমিট্যান্স যোদ্ধাকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup