লাগেজে করে ২৬ কেজির বেশি এক্সট্যাসি এবং এক প্যাকেট মেথামফেটামিন পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইনসের এক পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মালয়েশিয়া এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের পাইলট বলে জানা গেছে।
গত মঙ্গলবার রাতে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক আগমনী টার্মিনালে যাত্রীদের ব্যাগ এক্স-রে স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তাদের চোখে একটি সন্দেহভাজন স্যুটকেস ধরা পড়ে। পরে ওই সন্দেহভাজন ব্যক্তি লাগেজটি সংগ্রহ করতে গেলে তাঁকে হাতেনাতে আটক করা হয়। ইন্দোনেশিয়ার ন্যাশনাল পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন এজেন্সির মাদক অপরাধবিষয়ক পরিচালক একো হাদি সান্তোসো জানান, আটক ব্যক্তি মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৭২৭ ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে জাকার্তায় এসেছিলেন এবং তিনি ওই ফ্লাইটের পাইলট হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার বিমানবন্দরে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে গ্রেপ্তার পাইলটের কাছ থেকে জব্দ করা মাদক সাংবাদিকদের সামনে প্রদর্শন করে পুলিশ। সংবাদ সম্মেলনে একো হাদি সান্তোসো বলেন, ওই পাইলটকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে ইতিমধ্যে আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক পাচারের পেছনে আরও বড় কোনো চক্র জড়িত আছে কি না, তা খুঁজে বের করতে তদন্ত কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন বলেও জানান তিনি।










