দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। আর সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশে আগামী রোববার বিকালে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। দুই শীর্ষ নেতার বৈঠকের পর দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, দুই শীর্ষ নেতাদের বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে শ্রমবাজার। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু, ভিসা জটিলতা, কনস্যুলার সেবার সীমাবদ্ধতা এবং অনথিভুক্ত কর্মীদের সমস্যার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং কিছু অগ্রগতির ঘোষণা আসতেও পারে।
আরও
২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি।










