মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অবৈধ অভিবাসীবিরোধী পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। গতকাল সোমবার সেলাঙ্গরের বাতু কেভস এলাকার একটি নৈশ বাজার (পাসার মালাম) এবং সেলায়াং বারু এলাকার একটি আবাসিক ভবনে আকস্মিক তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া এই বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই ৩৯ জনের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছেন, তা প্রাথমিকভাবে আলাদা করে জানানো হয়নি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষেও অবস্থান করা, ভিসার শর্ত লঙ্ঘন এবং অবৈধ অনুপ্রবেশসহ অভিবাসন আইনের নানা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। আটক হওয়া বিদেশি নাগরিকদের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও
দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসী ও আইনি শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই সর্বশেষ এই সাঁড়াশি অভিযান চালানো হলো। দেশটির ইমিগ্রেশন বিভাগ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, রাষ্ট্রের আইন প্রয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত ও বসবাসরত সব বিদেশি নাগরিককে বৈধ অনুমতিপত্র ও ভ্রমণনথি সব সময় সঙ্গে রাখার জন্য পুনরায় সতর্ক করেছে কর্তৃপক্ষ।










