মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের মুকিম জিমাহ এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ডিজেল পাচারকারী চক্রকে হাতেনাতে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শনিবার (১৮ এপ্রিল) ভোরে বুকিত আমান ফেডারেল রিজার্ভ ইউনিটের গোয়েন্দা শাখা এবং অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ২টা ১৮ মিনিটে ওই এলাকায় আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় কোনো বৈধ অনুমতি ছাড়াই একটি স্ক্যানিয়া প্রাইম মুভার ও ট্রেলার থেকে শিল্পকারখানার স্টোরেজ ট্যাংকে অবৈধভাবে ডিজেল স্থানান্তর করা হচ্ছিল। ১৯৬১ সালের ‘সাপ্লাই কন্ট্রোল অ্যাক্ট’ বা সরবরাহ নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে পরিচালিত এই বেআইনি কর্মকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে যৌথ বাহিনী।
আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন ২৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এবং অপরজন ৩৬ বছর বয়সী স্থানীয় মালয়েশীয় নাগরিক। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পাচারে ব্যবহৃত লরি, ট্রেলার এবং প্রায় ১ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত সরঞ্জাম ও জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৫৭৮ রিঙ্গিত।
আরও
প্রাথমিক অভিযান শেষে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য নেগেরি সেম্বিলান কেপিডিএন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে ১৯৬১ সালের সরবরাহ নিয়ন্ত্রণ আইনের ২১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে পিএসপি কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রোসলি বিন মো. ইউসুফ জানান, জাতীয় অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলা এ ধরনের জ্বালানি পাচার রোধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।










