ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁর কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, প্রবীণ এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তাঁর কার্যালয়। শোকবার্তায় তাঁকে আহলে বাইতের আদর্শে নিবেদিত এক প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং খ্যাতনামা শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৯২১ সালে জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের অধিকাংশ সময় ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষাদান করেছেন, যাঁদের অনেকেই পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি পান। ইসলামি আইনশাস্ত্র, ধর্মীয় গবেষণা এবং শিয়া মুসলিমদের আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সংরক্ষণে তাঁর অনবদ্য ভূমিকা ছিল। ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর ইরানে ফিরে তিনি কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা করেন। শিয়া মুসলিমদের কাছে তিনি একজন প্রভাবশালী ‘মারজা’ বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে সমাদৃত ছিলেন।
আরও
তাসনিম জানিয়েছে, মৃত্যুর আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরাও তাঁকে দেখতে যান। তাঁর এই মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে এক প্রবীণ আলেমের সুদীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।










