পশ্চিমবঙ্গের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচন চলাকালে আইনভঙ্গের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের প্রভাবিত করা এবং পুলিশের ওপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে স্থানীয় দলীয় কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে হুমায়ুন কবীরের তীব্র বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাঁকে কড়া নিরাপত্তায় পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ভূত এই পরিস্থিতির পর জেলা পুলিশের কাছে ইতিমধ্যে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় জানান, আইন ভাঙার সুনির্দিষ্ট অভিযোগেই তাঁকে আটক করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় নির্বাচনী এলাকার পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আরও


উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবগঠিত দল এজেইউপি থেকে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুটি আসনেই জয়ী হয়েছিলেন হুমায়ুন কবীর। পরে তিনি নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর ছেড়ে দেওয়ায় সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের শেষের দিকে মুর্শিদাবাদে নতুন করে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ওই ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করলে তিনি নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেন।












