ভারতের পাঞ্জাবে খেতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চরম বিপাকে পড়েছে একদল চোর। রাতের অন্ধকারে চুরি করতে আসা চোরদের ব্যবহৃত প্রাইভেট কারটি খেতের কাদায় আটকে যায়। পরদিন সকালে সেই গাড়ি উদ্ধারে একটি ভারী ট্রাক নিয়ে এলে সেটিও কাদায় আটকে অচল হয়ে পড়ে। এমন অদ্ভুত পরিস্থিতিতে সন্দেহভাজন এক চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই মজাদার অথচ চাঞ্চল্যকর ঘটনার তথ্য জানা গেছে।
পাঞ্জাবের মোগা জেলার তখতুপুরা গ্রামে কৃষক হরজিন্দর সিংয়ের জমিতে এই ঘটনাটি ঘটে। খবরে বলা হয়েছে, গভীর রাতে তিন সদস্যের একটি চোর চক্র প্রাইভেট কার নিয়ে ওই খেতের ট্রান্সফরমারটি খুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জমিতে পানি জমে থাকায় খেতের নরম কাদায় তাদের গাড়িটি মারাত্মকভাবে আটকে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও গাড়িটি কাদা থেকে বের করতে না পেরে রাতের অন্ধকারে সেটি মাঠেই ফেলে পালিয়ে যায় চোরেরা।
পরদিন সকালে চক্রটি তাদের আটকে পড়া গাড়িটি টেনে তুলতে একটি বড় রিকভারি ট্রাক নিয়ে সশরীরে হাজির হয়। কিন্তু খেতের নরম কাদামাটির কাছে শক্তিশালী সেই উদ্ধারকারী ট্রাকটিও হার মানে। প্রথম গাড়িটির ঠিক পাশেই কাদার গভীরে আটকে যায় সেটি। মাঝমাঠে দুটি গাড়ি এভাবে অচল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় গ্রামবাসীদের। তারা এগিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে চোরদের বিভ্রান্তিকর ও অসংলগ্ন কথাবার্তায় মূল ঘটনা ফাঁস হয়ে যায়। এ সময় গ্রামবাসী লাভপ্রীত সিং নামের এক চোরকে হাতেনাতে ধরে ফেলে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে। চক্রটির পলাতক অপর দুই সদস্যকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













