ভারতের আসাম থেকে দিল্লি যাওয়ার পথে উত্তর প্রদেশের মির্জাপুর রেলওয়ে স্টেশনে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ এবং টিকিট ছাড়া ট্রেনের এসি কামরায় ভ্রমণের অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে দেশটির রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। রোববার (২৩ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম রিয়াজ আহমেদ (২৩)। তাঁর বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। পুলিশ জানিয়েছে, রিয়াজ আসামের কামাখ্যা থেকে ব্রহ্মপুত্র মেইলের একটি এসি কোচে বিনা টিকিটে দিল্লির উদ্দেশে যাচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন, তাঁর চূড়ান্ত গন্তব্য ছিল কাশ্মীর।
গোপন সতর্কবার্তার ভিত্তিতে শনিবার রাতে আরপিএফ সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির সময় তাঁর কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। মির্জাপুর সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার ভার্মা জানান, আটকের পর রিয়াজকে জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং এরপরই তাকে কারাগারে পাঠানো হবে।












