Long Popup (2)
সর্বশেষ

ভারতে জেন-জিদের প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

Web Image 20260728ProbashircityWebPopupUpdate

ভারতে প্রশ্নফাঁস বিতর্ককে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই তরুণদের মাঝে এক নতুন প্রবণতা লক্ষ করা যাচ্ছে। রাজনৈতিক দাবি আদায়ের মিছিল এখন আর কেবল প্রতিবাদের মঞ্চ নেই, বরং অনেক তরুণের কাছে তা হয়ে উঠেছে নতুন সম্পর্ক গড়ার মাধ্যম। সমমনা সঙ্গী খোঁজার এই অভিনব প্রবণতাকে আখ্যা দেওয়া হচ্ছে ‘প্রতিবাদী প্রেম’।

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে রাজধানী দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের আবহেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ে। আন্দোলনে অংশ নেওয়া জেন-জি বা নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা মিছিলে সমমনা মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছেন, বন্ধুত্ব গড়ছেন এবং অনেকেই প্রেমের সম্পর্কে জড়াচ্ছেন।

তরুণদের মতে, গতানুগতিক কফিশপ বা পার্কে বসে পরিচিত হওয়ার চেয়ে আন্দোলনের ময়দানে একজন মানুষের চিন্তাভাবনা, মূল্যবোধ, আবেগ ও ব্যক্তিত্ব অনেক সহজে উপলব্ধি করা যায়। এ কারণে অনেকেই এখন নিজেদের রাজনৈতিক ও সামাজিক আদর্শের সঙ্গে মেলে, এমন মানুষের সন্ধানে সরাসরি আন্দোলনের মিছিলে যোগ দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই মজার ছলে ‘আমার সঙ্গে প্রোটেস্ট ডেটে যাবেন?’ লিখে পোস্ট করছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন। পরবর্তীতে তারা সেই সমমনা সঙ্গীর সঙ্গেই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্মের ভাষ্যমতে, একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে দুজনের দৃষ্টিভঙ্গির মিল থাকা অত্যন্ত জরুরি। নিট-এর প্রশ্নফাঁসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যার সঙ্গে আদর্শিক অবস্থান মিলবে না, তার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলেই মনে করছেন তারা।

তবে নতুন এই প্রবণতা নিয়ে কিছুটা সমালোচনাও তৈরি হয়েছে। সমালোচকদের একাংশ মনে করছেন, প্রেম বা ডেটিংয়ের এই ধারণার কারণে মূল আন্দোলনের গাম্ভীর্য ও গুরুত্ব ম্লান হয়ে যেতে পারে। যদিও তরুণরা এই দাবি নাকচ করে দিয়ে বলছেন, এই প্রবণতার কারণে বরং আরও বেশি সংখ্যক তরুণ সামাজিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন হচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান এই শিক্ষার্থী বিক্ষোভে ‘প্রতিবাদী প্রেম’ বেশ দৃশ্যমান হয়ে উঠেছে এবং আন্দোলন শেষেও এসব সম্পর্কের অনেকগুলোই দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate